নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে তৃতীয় দিনের মতো ডুয়েট শিক্ষার্থীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক।। গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে তৃতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।
শনিবার (১৬ মে) নবনিযুক্ত ভিসি আসতে পারেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ার পর বিপুল সংখ্যক পুলিশ সদস্য ক্যাম্পাসে অবস্থান নিয়েছে। পরে পুলিশ ক্যাম্পাস থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে ক্রিকেট খেলায় মেতে ওঠেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সদস্যরা ডুয়েট এলাকা ত্যাগ করেন।
এর আগে গত ১৪ মে ডুয়েটের বর্তমান ভিসি অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনকে অব্যাহতি দিয়ে শাবিপ্রবির ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়। শিক্ষার্থীরা নবনিযুক্ত ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ব্যানার টাঙিয়ে দেন।
শিক্ষার্থীরা বলেন, ডুয়েটের উন্নয়ন, নীতি নির্ধারণ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নেতৃত্বই সবচেয়ে কার্যকর হবে। বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত ভিসির পক্ষে স্থানীয় বাস্তবতা বোঝা কঠিন হতে পারে বলেও তারা মন্তব্য করেন।
শিক্ষার্থীরা আরও জানান, তাদের দাবি শুধু ভিসি নিয়োগ ঘিরে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও একাডেমিক স্বার্থ রক্ষার বিষয়টিও এর সঙ্গে জড়িত। তারা দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান
উল্লেখ্য, এর আগে ডুয়েট শিক্ষক সমিতিও এক জরুরি সভায় অভ্যন্তরীণ সিনিয়র শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছিল। শিক্ষক সমিতির ওই অবস্থানের সঙ্গে শিক্ষার্থীদের চলমান আন্দোলন এক ধরনের সমন্বিত দাবি হিসেবে সামনে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।











