ঢাকা | মে ৮, ২০২৬ - ৪:১৮ অপরাহ্ন

শিরোনাম

আশুলিয়ায় এক ছিনতাইকারীসহ ইয়াবা-ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে পাঁচজন আটক

  • আপডেট: Friday, May 8, 2026 - 3:01 pm

এইচ এম সাগর, সাভার।।  ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক অভিযানে ৭০ পিস ইয়াবা এবং ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। এসময় এক ছিনতাইকারীকেও আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (৭ মে) এবং শুক্রবার (৮ মে) আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক সাড়ে এগারোটায় আশুলিয়া থানাধীন ইসলাম নগর এলাকায় অভিযান পরিচালনা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য মো. আরফিউল ইসলামকে (২৬) আটক করা হয়। তিনি ইসলাম নগর এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে ছিনতাই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মে রাত) আনুমানিক আড়াইটায় আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মো. রিয়াদ (২০) ও মো. শরিফ মিয়াকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৯ হাজার ২০০ টাকা।

আটক রিয়াদের বাড়ি রংপুর মহানগরীর কোতোয়ালী থানার কিসামত হরকুল্লি এলাকায়। অন্যদিকে শরিফ মিয়ার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কুন্দরামপুর এলাকায়।

একই দিনে ভোর ৬টা ১০ মিনিটে আশুলিয়া থানাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় আরও একটি অভিযান চালায় ডিবি (উত্তর)। অভিযানে ৭০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।

আটক দুইজন হলেন – মো. লাবলু বিশ্বাস (৩৮) ও মো. ইদ্রিস আলী (৩৮)। লাবলু বিশ্বাস ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কাজী নওপাড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি আশুলিয়ার নবীনগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। অন্যদিকে ইদ্রিস আলীর বাড়ি কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী এলাকায়।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা শেষে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।