লংগদুতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা, উপকৃত ৪৮২ জন
নিজস্ব প্রতিবেদক।।
পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটির লংগদুতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার লংগদু জোনের ব্যবস্থাপনায় লংগদু ইউনিয়নের ভাইবোনছড়া বাজার সংলগ্ন এলাকায় এ বিশেষ মেডিক্যাল ক্যাম্প আয়োজন করা হয়। এতে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দল অংশগ্রহণ করে।
ক্যাম্পে পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মোট ৪৮২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের মধ্যে চর্মরোগ (স্ক্যাবিস), দীর্ঘমেয়াদি ব্যথা, গাইনি সমস্যা, ডায়াবেটিস, জ্বর-সর্দি, রক্তস্বল্পতা ও শারীরিক দুর্বলতাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের সামাজিক ও জনহিতকর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।











