চট্টগ্রাম মিরসরাইয়ে প্রথম নারী এমপি শামছুন্নাহার
মিরসরাই প্রতিনিধি।।
চট্টগ্রামের মিরসরাই উপজেলাবাসী প্রথমবারের মতো সংরক্ষিত নারী আসনে একজন এমপি পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে নির্বাচিত হয়েছেন শামছুন্নাহার বেগম।
শামছুন্নাহার উপজেলার মিঠানালা ইউনিয়নের অনাইর বাড়ির বাসিন্দা এবং মাস্টার নুরুল করিমের সহধর্মিণী।
জানা গেছে, শামছুন্নাহার উপজেলার ১০ নম্বর মিঠানালা ইউনিয়নের গৃহবধূ হলেও দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি দলের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতি তার দীর্ঘদিনের নিষ্ঠা, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূল পর্যায়ে গ্রহণযোগ্যতার ভিত্তিতেই তাকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির বলেন, সংগঠন থেকে মিরসরাইয়ের জন্য সংরক্ষিত মহিলা আসনে শামছুন্নাহার বেগমকে মনোনয়ন দেওয়ায় আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা আশা করি, তিনি নারী ও মিরসরাইয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এদিকে তার মনোনয়নে মিরসরাইয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতারা মনে করছেন, একজন নারী প্রতিনিধির মাধ্যমে এলাকার সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
নব-নির্বাচিত এমপি শামছুন্নাহার বেগম বলেন, “মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করব। মিরসরাইবাসীর উন্নয়ন এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যেতে সকলের সহযোগিতা চাই।”
তার এই মনোনয়নকে মিরসরাইয়ের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন অনেকেই।











