ঢাকা | এপ্রিল ১৮, ২০২৬ - ৩:৩৬ অপরাহ্ন

শিরোনাম

মাদারীপুরে ছয় স্বর্ণের দোকানে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট 

  • আপডেট: Saturday, April 18, 2026 - 11:46 am

মাদারীপুর প্রতিনিধি।। মাদারীপুরে ৬টি স্বর্ণের দোকানে ডাকাতি সংঘটিত হয়েছে। এই ঘটনায় নগদ টাকাসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার লুট হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। এই ঘটনার এক প্রত্যক্ষদর্শীকে হাত-পা বেঁধে পিটিয়ে আহত করেছে সংঘবদ্ধ ডাকাত দল।

 

আজ শনিবার ভোর রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের হাউসদী বাজারে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে।

 

মাদারীপুর পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবার ভোর রাতে সদর উপজেলার হাউসদী বাজারের স্বর্ণকার পট্টিতে মুখোশধারী একদল ডাকাত নিউ প্রিয়াংকা জুয়েলার্স নামের একটি দোকান তালা কেটে প্রথমে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।

এসময় বাজারে মিলন মোল্লা নামের এক রাজমিস্ত্রি রাত্রিকালীন (নাইট শিফট) রাজমিস্ত্রির কাজ করছিল। বিষয়টি তিনি দেখতে পেলে ডাকাত দলের সদস্যরা তাঁকে মারধর করে বেঁধে রেখে পাশের আরও একটি মুদি দোকানসহ আরও ৫টি স্বর্ণের দোকানে একই ভাবে দোকানের আলমারি ও ক্যাশ বাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে মাদারীপুর সদর থানার একদল পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করে।

 

ডাকাতিতে ক্ষতিগ্রস্তরা হলেন- শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স, নিউ নারায়ন জুয়েলার্স, ভাগ্যশ্রী জুয়েলার্স, নিউ প্রিয়াংকা জুয়েলার্স, নিউ কণিকা জুয়েলার্স, মা লক্ষ্মী জুয়েলার্স ও মুদি দোকান জিয়া স্টোর।

ভাগ্যশ্রী জুয়েলার্সের মালিক সেন্টু মাল বলেন, ‘আমার দোকানে ৩০ ভরি স্বর্ণ, ৫০০ ভরি রূপা ছিল এবং প্রায় এক লাখ টাকা ক্যাশ বাক্সে ছিল। সবই ডাকাতি করে লুট করে নিয়ে গেছে। আমি এখন সর্বস্বান্ত হয়ে গেছি। এই ক্ষতি কাটিয়ে ওঠার কোনো শক্তি এখন আর আমার নেই। আমি এখন কী করব, কিছুই বুঝতে পারছি না।’

একই ধরনের কথা বললেন অন্য ক্ষতিগ্রস্ত দোকান মালিকরাও।

এই বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, হাউসদী বাজারের কয়েকটি স্বর্ণের দোকানের ডাকাতির খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুরুত্বসহকারে এই ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।