ঢাকা | এপ্রিল ৯, ২০২৬ - ৯:৫২ অপরাহ্ন

শিরোনাম

আনোয়ারায় মাদকের টাকার জন্য মাকে মারধর; কিশোর পুলিশ হেফাজতে

  • আপডেট: Thursday, April 9, 2026 - 7:20 pm

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাদকের টাকার জন্য মাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, বুধবার আনোয়ারা থানাধীন ৩নং রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, মাদকের টাকার দাবিতে মাকে মারধর করে জাবেদুল ইসলাম জাবেদ (১৭) নামে এক কিশোর। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে তাকে হেফাজতে নেওয়া হয়।

আটক জাবেদুল ইসলাম জাবেদ চুন্নাপাড়া এলাকার কালা গাজীর বাড়ির বাসিন্দা। তিনি মৃত ইয়াকুবের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্তির কারণে পরিবারের সঙ্গে তার বিরোধ চলছিল। ঘটনার দিন মাদকের টাকার জন্য মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি তাকে মারধর করেন, যার ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ জানায়, ঘটনার পর অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সমাজে মাদকাসক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।