ঢাকা | এপ্রিল ২, ২০২৬ - ১১:০৪ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কমেছে যানবাহন

  • আপডেট: Thursday, April 2, 2026 - 7:34 pm

মিরসরাই প্রতিনিধি।।
দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়তে শুরু করেছে সড়ক যোগাযোগব্যবস্থায়। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে যানবাহন চলাচল। বিশেষ করে দূরপাল্লার বাস চলাচল কমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। উপজেলার অধিকাংশ পেট্রল পাম্প বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। হাতেগোনা কয়েকটি পাম্পে সীমিত পরিমাণ তেল সরবরাহ করা হলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। ফলে অনেক যানবাহন নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে পারছে না।
এদিকে বারইয়ারহাট, মিঠাছড়া, মিরসরাই সদর, বড়তাকিয়া ও নিজামপুর বাজার এলাকায় গিয়ে দেখা যায়, বাসের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন যাত্রীরা। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, তেল সংকট ও পাম্প বন্ধ থাকার কারণে সীমিত সংখ্যক বাস ছাড়া হচ্ছে। এতে যাত্রীদের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। অন্য দিকে এলপিজি গ্যাসের বাজারেও দেখা দিয়েছে অস্থিরতা। সরকারি দর নির্ধারণের আগেই কৃত্রিম সংকট তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। অনেক পরিবেশক কোম্পানি আগাম দাম বাড়িয়ে গ্যাস সরবরাহ করছে বলে জানিয়েছেন ভোক্তারা।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, তেল সংকটের কারণে সড়কে যান চলাচল কিছুটা কমেছে।