বান্দরবানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ শুরু আগামীকাল
বান্দরবান প্রতিনিধি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বান্দরবান জেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে। আগামীকাল (৩১ মার্চ) সকাল ১০টায় মেঘলা পর্যটন এলাকা সংলগ্ন স্থানে আনুষ্ঠানিকভাবে এ নির্মাণকাজের উদ্বোধন করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বহুল প্রত্যাশিত এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জেলার ধর্মীয় ও সাংস্কৃতিক অবকাঠামো আরও সমৃদ্ধ হবে। পরিকল্পনা অনুযায়ী, মডেল মসজিদটি কেবল নামাজ আদায়ের স্থানই নয়, বরং একটি পূর্ণাঙ্গ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। এখানে ধর্মীয় শিক্ষা, গবেষণা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
এ গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে বিশেষ অবদান রাখার জন্য বান্দরবানের মাননীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী, জেলা প্রশাসক শামীম আরা রিনি এবং জেলার সর্বস্তরের মুসলিম তৌহিদী জনগণের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধের বিকাশ ঘটবে, পাশাপাশি সামাজিক সম্প্রীতি আরও জোরদার হবে এবং বান্দরবান জেলার সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে।











