ঢাকা | মার্চ ২৮, ২০২৬ - ১১:১৫ অপরাহ্ন

শিরোনাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট: Saturday, March 28, 2026 - 7:32 pm

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশন।
শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার কাগজিখোলা এলাকার কাগজিখোলা মসজিদে বিলাল (রা.) সংলগ্ন স্থান এবং বাইশারী মডেল স্বতন্ত্র ইবতেদায়ী ও নূরানী মাদ্রাসা মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রায় একশত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ছিল ৮ কেজি চাল, ২ কেজি ডাল এবং ২ লিটার ভোজ্যতেল।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ফাউন্ডেশনের প্রতিনিধি ও ৭১টিভির সংবাদদাতা আবদুর রশিদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও প্রেসক্লাব সভাপতি আবদুল হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি নেতা জসিম ছব্বির আহমেদ, মাদ্রাসা সুপার মাওলানা আহসান হাবিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকায় বসবাসরত অনেক পরিবার এখনও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সংকটে দিনযাপন করছে। এমন পরিস্থিতিতে আলহাজ্ব সামশুল হক ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ প্রশংসনীয় এবং সমাজের বিত্তবানদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
এসময় সাংবাদিক আবদুর রশিদ জানান, ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দীনের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি এই মানবিক উদ্যোগের জন্য চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় উপকারভোগীরাও সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা আশা করেন, এ ধরনের উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে তাদের জীবনযাত্রা কিছুটা হলেও স্বস্তিদায়ক হবে।