ঢাকা | মার্চ ১৯, ২০২৬ - ১১:০৯ অপরাহ্ন

শিরোনাম

বান্দরবানে পাহাড়ের খাদ থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার

  • আপডেট: Thursday, March 19, 2026 - 7:52 pm

বান্দরবান প্রতিনিধি।।

বান্দরবানের মেঘলা পর্যটন এলাকায় পাহাড়ের খাদ থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা এলাকার লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে প্রায় দেড়শ’ ফুট নিচে পড়ে থাকা অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রমেসিং মার্মা (৩০) ও তার চার বছর বয়সী মেয়ে বৃষ্টি মার্মা। তাদের বাড়ি মেঘলা এলাকার কানা পাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত থেকে মা ও মেয়েকে খুঁজে পাচ্ছিলেন না স্বজনরা। পরে দীর্ঘ খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা দুর্গম পাহাড়ি খাদে তাদের পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় একটি সূত্র জানিয়েছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে বলেন, “মেঘলা এলাকা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত বলা সম্ভব হবে।”