ঢাকা | মার্চ ১১, ২০২৬ - ২:২৮ পূর্বাহ্ন

শিরোনাম

মাহে রমজান পবিত্র কোরআন নাজিলের মাস

  • আপডেট: Monday, March 9, 2026 - 9:17 pm

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি।।
কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী বলেছেন, চক্রান্ত ও ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়ী প্রার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। সেক্টরভিত্তিক আমাদের লোক না থাকায় ওপরের মহল সহজেই তা করতে পেরেছে। ভবিষ্যতে প্রতিটি ইউনিয়নে নির্বাচনের জন্য ১৩ সদস্যের প্যানেল প্রস্তুত রাখতে হবে। প্রত্যেক সেক্টরে আমাদের প্রতিনিধিত্ব থাকলে এ ধরনের যে কোনো চক্রান্ত প্রতিরোধ করা সম্ভব হবে।
তিনি সোমবার (১৯ রমজান) ঈদগাঁওয়ে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে জামায়াতে ইসলামী ঈদগাঁও উপজেলা এই ইফতার মাহফিলের আয়োজন করে। ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, কক্সবাজার-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর এবং কক্সবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সলিম উল্লাহ বাহাদুর।
‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ছলিম উল্লাহ জিহাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সৈয়দ নুর হেলালী।
ইফতার মাহফিলে বক্তব্য রাখেন খেলাফত মজলিশ কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শহীদ উল্লাহ মিয়াজী, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মাস্টার ছৈয়দুল আলম হেলালী এবং যুব বিভাগের সভাপতি মাওলানা সরওয়ার কামাল।
প্রধান অতিথি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী আরও বলেন, মাহে রমজান পবিত্র কোরআন নাজিলের মাস। এ মাসে কোরআনের আলোকে আদর্শিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে মানুষ প্রকৃত কল্যাণ পাবে না। ইনসাফভিত্তিক আদর্শ ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
বিশেষ অতিথি শহিদুল আলম বাহাদুর বলেন, বিগত নির্বাচনে নেতাকর্মীরা দিনরাত পরিশ্রম করলেও কিছু ভুল-ত্রুটির কারণে প্রত্যাশিত ফল অর্জন করা সম্ভব হয়নি। আগামীতে আরও সতর্ক ও সজাগ থাকতে হবে।
জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন বলেন, ওয়ার্ড, ইউনিট ও ইউনিয়নভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও মজবুত ও জোরদার করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চৌফলদণ্ডীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনজুর আলম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আজিম, উপজেলা কর্মপরিষদ সদস্য তৈয়ব উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা বশির আহমদ, ইসলামপুর ইউনিয়ন জামায়াতের আমির শাহাব উদ্দিন, পালাকাটা গোলজার বেগম দাখিল মাদ্রাসার সুপার আনিস মুহাম্মদ আব্দুল্লাহ, ইউনিয়ন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লায়েক ইবনে ফাজেল, ইউনিয়ন শ্রমিক কল্যাণের দায়িত্বশীল অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ মহসিন, ঈদগাঁও বাজারের সাবেক সেক্রেটারি মুফিজুর রহমান মুফিজ, অ্যাডভোকেট এস.কে. আহমদ ফারুকী, মাওলানা মফিজ উদ্দিনসহ অন্যান্যরা।