রাঙ্গামাটি রাজস্থলীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
মোঃ সুমন খান, রাজস্থলী।।
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ মার্চ রবিবার সকাল ১১টায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ বছরের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার-সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”। দিবসটি উপলক্ষে উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৃতি চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. নওশাদ খান, উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, জামায়াতে ইসলামের আমির মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, পশুসম্পদ কর্মকর্তা ডা. নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুবজ্জামান রাজু, ইউএনডিপির সিএইচটি প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর হাসিনুর ত্রিপুরা, মিশন হাসপাতালের প্রতিনিধি মাসাং মারমাসহ বিভিন্ন এনজিও কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশে এখন নারীরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে চলছে। নারীরা এগিয়ে গেলে বাংলাদেশ একটি সোনার বাংলা গঠনে আরও এক ধাপ এগিয়ে যাবে। এ বাংলার নারীরা ১৯৫৭ সালে ৮ মার্চ মজুরি বৈষম্য, কর্মঘণ্টা নির্ধারণ এবং কর্মক্ষেত্রের বৈরী পরিবেশের প্রতিবাদ করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সুতা কারখানার একদল শ্রমজীবী নারী। এতে ক্ষিপ্ত হয়ে তাদের ওপর দমন-পীড়ন চালায় মালিকপক্ষ।











