ঢাকা | মার্চ ২, ২০২৬ - ৮:০৬ অপরাহ্ন

শিরোনাম

তেলের ড্রাম থেকে আগুন, তেমুহনী বাজারে অর্ধকোটি টাকার ক্ষতি

  • আপডেট: Monday, March 2, 2026 - 5:26 pm

মু. আজিজ, ফটিকছড়ি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের তেমুহনী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানসহ কয়েকটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ অর্ধকোটি টাকারও বেশি বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় অগ্নিনির্বাপণ ও মালামাল সরানোর সময় দুইজন আহত হয়েছেন।
রোববার রাত আনুমানিক ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও আগুনের তীব্রতা দ্রুত বেড়ে যাওয়ায় তারা ব্যর্থ হন। খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ৮টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টা প্রচেষ্টার পর রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ তদন্তের পর নিশ্চিতভাবে জানানো হবে।
তেমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি নুরুন্নবী বলেন, অগ্নিকাণ্ডে আহমদ ছফা সওদাগরের মুদি ও তেলের দোকান, আইয়ুব সওদাগরের মুদি ও তেলের দোকান, নেজামের কুলিং কর্নার ও মিষ্টির দোকান, আজিজুর রশিদ তালুকদারের ওষুধের দোকান এবং জাহাঙ্গীরের কসমেটিকসের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও দুটি তরকারির দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দোকান মালিক আহমদ ছফা তালুকদার ও কর্মচারী পারভেজ দগ্ধ হয়ে আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, আহমদ ছফা সওদাগরের দোকানে ড্রাম থেকে তেল নেওয়ার সময় সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দোকানে মজুদ থাকা তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন দ্রুত আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস প্রদান করেন।