ঢাকা | ফেব্রুয়ারী ২৭, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

ওয়াহেদপুরে বিপুল পরিমাণ মদসহ জনতার হাতে আটক এক

  • আপডেট: Thursday, February 26, 2026 - 9:32 pm

মিরসরাই প্রতিনিধি।।

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে বিপুল পরিমাণ মদসহ এমরান নামের এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ইউনিয়নের ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন রংধনু পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করা হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৮টার পর গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী রংধনু পেট্রোল পাম্পের আশপাশে অবস্থান নেন। এ সময় এমরান নামের ওই ব্যক্তি মদ সরবরাহের সময় স্থানীয়দের সন্দেহের মুখে পড়েন। পরে তল্লাশি চালিয়ে তার কাছে বিপুল পরিমাণ মদ পাওয়া গেলে উপস্থিত জনতা তাকে আটক করেন।

এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমএম হারুন বলেন, রংধনু পেট্রোল পাম্প এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে মদ সরবরাহের সময় হাতেনাতে ধরা হয়েছে। তিনি জানান, আটককৃত ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করার প্রস্তুতি চলছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ভিড় করেন। স্থানীয়রা জানান, এলাকায় মাদক বাণিজ্য রোধে তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। তবে এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।