ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদ্রাসার নতুন সভাপতি রাহমত ছালাম
ঈদগাঁও উপজেলা প্রতিনিধি, কক্সবাজার।
কক্সবাজারের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা-এর গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাহমত ছালাম। তিনি বর্তমানে কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসা-এর অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, ঢাকাস্থ ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়-এর ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে রেজিস্টার (ভারপ্রাপ্ত) ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারী রেজিস্টার মো. হাসানুজ্জামান স্বাক্ষরিত ২২ ফেব্রুয়ারির এক পত্রে এ মনোনয়ন নিশ্চিত করা হয়। একই পত্রে বিদ্যোৎসাহী প্রতিনিধি হিসেবে একজন তরুণ ব্যারিস্টারকে মনোনয়নের কথাও উল্লেখ রয়েছে। তবে হাইকোর্টের ওই আইনজীবী বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানান।
আলমাছিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন। নবনিযুক্ত সভাপতি রাহমত ছালামও সংশ্লিষ্ট পত্র হাতে পাওয়ার কথা জানিয়েছেন।
রাহমত ছালাম ২১ আগস্ট ২০২২ সাল থেকে কক্সবাজারের বৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার হাশেমিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি গাজীপুরের চান্দরা রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তারও আগে তিনি উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি প্রায় পাঁচ বছর কক্সবাজার লাবণী পয়েন্টে অবস্থিত আলিফ-লাম-মিম জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।
শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সরকারি ও বেসরকারি নানা প্রশিক্ষণে অংশগ্রহণের পাশাপাশি জাতীয় ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয় বিষয়ক বিভিন্ন কর্মশালায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন তিনি। সংশ্লিষ্ট মহল মনে করছে, তার অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।









