রমজানের পবিত্রতা রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বাগত মিছিল
নিজস্ব প্রতিবেদক।।
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন মুফতী মুহাম্মদ আবুল হাসান, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা; মাওলানা আহমদ কবির, জয়েন্ট সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা; এবং মুফতী জাবেরুল ইসলাম, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বান্দরবান জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, রমজান আত্মসংযম, তাকওয়া ও আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজজীবনে প্রতিফলিত হওয়া প্রয়োজন। তারা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান, রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি না করে সহনীয় পর্যায়ে রাখতে এবং সাধারণ মানুষের ওপর কোনো ধরনের জুলুম-অত্যাচার না করতে।
বক্তারা আরও বলেন, রমজানে বেশি বেশি ইবাদত-বন্দেগি, কোরআন তেলাওয়াত, দান-সদকা এবং মানবসেবায় মনোনিবেশ করা উচিত। পারস্পরিক সহমর্মিতা ও নৈতিকতার চর্চার মধ্য দিয়েই রমজানের প্রকৃত শিক্ষা অর্জন সম্ভব।
দেশ ও জাতির কল্যাণ এবং রমজানের পবিত্রতা রক্ষার অঙ্গীকারের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।











