ঢাকা | ফেব্রুয়ারী ৯, ২০২৬ - ১০:১৩ অপরাহ্ন

শিরোনাম

নির্বাচন সামনে রেখে দীঘিনালায় কাঠ ব্যবসায়ীদের গণসংযোগ

  • আপডেট: Monday, February 9, 2026 - 7:16 pm

দীঘিনালা প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের নেতৃত্বে এতে সমবায়ের সদস্যরা অংশ নেন। বাবুছড়া বাজার থেকে শুরু হওয়া গণসংযোগে কবাখালী বাজার, বোয়ালখালী নতুন বাজার, জামতলীসহ উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। গণসংযোগে অংশ নেওয়া ব্যবসায়ীরা বলেন, দীর্ঘদিন ধরে দীঘিনালাসহ পার্বত্য অঞ্চলের ব্যবসায়ীরা নানা সমস্যার মধ্যে দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তাঁরা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ ও নিরাপদ ব্যবসা ব্যবস্থার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এসব বিষয়ে ধানের শীষের প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে উপযুক্ত বলে মনে করেন তাঁরা। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি মিঠু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শাহজাহান সাজুসহ সমিতির সদস্য ও শ্রমিক ইউনিয়নের নেতারা।