ঢাকা | অক্টোবর ৩১, ২০২৬ - ৮:১৮ অপরাহ্ন

শিরোনাম

চট্রগ্রাম প্রতিদিন

দুর্নীতিমুক্ত মানবিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে- জাহিদুল ইসলাম মিয়া

নুরুল আলম, চন্দনাইশ প্রতিনিধি।
মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে বিবেকবান ও মানবিক মূল্যবোধ সম্পন্ন হওয়া প্রয়োজন। সৌরজগতের সূর্য আলো না দিলে যেমন তার মূল্য কমে যায়, তেমনি মানুষের মানবিকতা ও বিবেক না থাকলে মানুষ মূল্যহীন হয়ে পড়ে। পরিবর্তিত পৃথিবীতে আধুনিক ও প্রযুক্তিনির্ভর যুগে টিকে থাকতে হলে যোগ্যতা ও দক্ষতা অর্জন করে বিশ্বমানের সঙ্গে তাল মিলাতে হবে।

এ মন্তব্য করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, “সিস্টেম নিজের গতিতে চলবে, আমরা নিজেরা সিস্টেম তৈরি করব না।” সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের জনগণকে দুর্নীতি মুক্ত মানবিক সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের শুধু রেজাল্টের দিকে তাকিয়ে থাকলে চলবে না। আগামী প্রজন্মকে আদর্শবান ও অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সোমবার (৮ ডিসেম্বর) চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলাধীন বিভিন্ন দফতরের আওতাধীন উপকারভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন জেলা প্রশাসক।

চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজীব হোসেনের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝুনটু বিকাশ চাকমা, কৃষি অফিসার আজাদ হোসেন ও সমাজসেবা অফিসার রাসেল চৌধুরী।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতরের উপকারভোগীদের মধ্যে প্রতিবন্ধী হুইলচেয়ার, সাইকেল, ট্রাইসাইকেল, সুবর্ণ কার্ড, শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, যুব প্রশিক্ষণার্থীদের সনদ, এতিম শিক্ষার্থীদের কাপড়, কৃষকদের বীজ ও সার বিতরণ করা হয়।

এর আগে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপজেলা ডিজিটাল মিলনায়তনে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চন্দনাইশ উপজেলা পরিষদের নবনির্মিত প্রশাসনিক কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন।

সম্পর্কিত