ঢাকা | মে ১৪, ২০২৬ - ৪:৫৯ অপরাহ্ন

মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে ট্রাক চালক নিখোঁজ

  • আপডেট: Thursday, May 14, 2026 - 3:52 pm

মোংলা প্রতিনিধি।। বাগেরহাটের মোংলায় ট্রলার থেকে নদীতে পড়ে মো. হোসেন মোড়ল (৪০) নামে এক ট্রলারচালক নিখোঁজ হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের লেবার ঘাটসংলগ্ন মোংলা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হোসেন মোড়ল দাকোপ উপজেলার চালনা এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউনুস মোড়লের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেন মোড়ল প্রতিদিনের মতো চালনা এলাকা থেকে বিভিন্ন হ্যাচারির মাছের পোনা নিয়ে ট্রলারে করে মোংলায় আসতেন। বৃহস্পতিবার ভোরেও তিনি ‘রেডি স্টার হ্যাচারী’ থেকে মাছের পোনা নিয়ে লেবার ঘাটে পৌঁছান। পরে ট্রলার থেকে নামার সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান এবং স্রোতের মধ্যে তলিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। পরে খবর পেয়ে স্থানীয় ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পরবর্তীতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ কোস্ট গার্ডের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয়।

মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের ইউনিট লিডার মো. দেলোয়ার হোসেন জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। নিখোঁজ ট্রলারচালককে উদ্ধার না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। এই সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ হোসেন মোড়লকে উদ্ধার করা সম্ভব হয়নি।