ঈদগাঁওতে বিশেষ অভিযানে পরোয়ানাভুক্তসহ ৮ আসামি আটক
ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি:
ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার মোট ৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জুন পরিচালিত এ অভিযানে মাদক, মারামারি, হুমকি এবং পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলার আসামিদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ইসমাইল হোসেন মোর্শেদ (২৭) ও আসমা (২৫) গ্রেফতার হন।
মারামারি ও হুমকির মামলায় গ্রেফতার করা হয় ইসলামাবাদ ইউনিয়নের মো. আজিমুল হক (৩৫), ঈদগাঁও ইউনিয়নের মো. শাহজাহান (৩০) ও মো. ইমরানকে (২৬)।
পিতা-মাতা ভরণ-পোষণ আইনের মামলায় পশ্চিম গোমাতলী এলাকার খালেদ বাদশা ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঈদগাঁও ইউনিয়নের সুবল রুদ্র (৪৫) আটক হন।
ঈদগাঁও থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।











