তারেক রহমানকে নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহারে নাহিদ ইসলামকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক।। ‘চাঁদাবাজি ও লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন, দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই’—এমন মন্তব্য প্রত্যাহার করতে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান এনসিপির আহ্বায়ক বরাবর রেজিস্ট্রি ডাকযোগে এই নোটিশ পাঠান।
আইনি নোটিশে উল্লেখ করা হয়, গত ৩০ অক্টোবর বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান এবং চ্যানেল আই-এ নাহিদ ইসলামের এই বক্তব্য প্রকাশিত হয়। এই অমার্জনীয় ও কাল্পনিক মন্তব্য একজন সম্মানিত ব্যক্তির চরিত্র হনন করেছে এবং এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ ও মর্মাহত হয়েছে।
নোটিশে আরও বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে নিয়ে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া এমন অজ্ঞ ও রাজনৈতিক অপ্রজ্ঞার বক্তব্য জাতি কখনো আশা করেনি।
নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে এই বক্তব্য প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় নির্ধারিত সময়ের পর অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে হুশিয়ারি দেওয়া হয়েছে।











