মহালছড়িতে ৫০ এলএফজি সদস্যের মুরগি পালন প্রশিক্ষণ, মিলবে মুরগির খোঁয়ার
মহালছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মহালছড়িতে ৩টি পার্বত্য জেলা সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এলএফজি সদস্যদের দিনব্যাপী মুরগি পালন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের প্রত্যেককে একটি করে মুরগির খোঁয়ার দেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বুধবার (৭ অক্টোবর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, মহালছড়ির আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপর্ণা দে-এর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিডি) ডা. মো. জুলফিকার আলী। বিশেষ অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জহিরুল হক এবং মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন।
দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের লাইভস্টক এক্সচেঞ্জ অফিসার (এলইও) ডা. কল্পনা চাকমা।
প্রশিক্ষণে মুরগির জাত পরিচিতি, বাসস্থান ও খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, বিভিন্ন রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার এবং আধুনিক পদ্ধতিতে মুরগি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে প্রাণিসম্পদ পালন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সঠিক ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মুরগি পালনকে লাভজনক করে পরিবারের আয় বৃদ্ধি করা সম্ভব।
প্রশিক্ষণে মহালছড়ি সদর ইউনিয়নের ৫০ জন এলএফজি সদস্য অংশ নেন। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাইসছড়ি ইউনিয়নের আরও ২৫ জন প্রশিক্ষণার্থীকে একই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে মুরগির খোঁয়ার দেওয়া হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।











