ঢাকা | জুন ১৩, ২০২৬ - ৮:২৬ অপরাহ্ন

শিরোনাম

হতদরিদ্র পরিবারদের স্বাবলম্বী করতে পাশে দাঁড়িয়েছে বিজিবি

  • আপডেট: Saturday, June 13, 2026 - 7:20 pm

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

পার্বত্য জেলা রাঙ্গামাটির লংগদু উপজেলার সীমান্তবর্তী এলাকার পিছিয়ে পড়া ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবির পক্ষ থেকে সম্প্রতি এলাকার বিভিন্ন প্রান্তের অসহায় মানুষের মাঝে সোলার প্যানেল, সেলাই মেশিন, নগদ অর্থ এবং টিনসহ বিভিন্ন পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, লংগদুর শ্রীনগর, শুকনাছড়ি এবং দোকানঘাট সীমান্তবর্তী এলাকার মোট ৬টি হতদরিদ্র পরিবারকে আলো ও বাতাসের সুবিধা নিশ্চিত করতে সোলার প্যানেল, ব্যাটারি, লাইট ও ফ্যান প্রদান করা হয়। এছাড়া এলাকার নারী সমাজকে আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ ও স্বাবলম্বী করতে ৩টি অসচ্ছল পরিবারকে সেলাই মেশিন হস্তান্তর করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সহায়তায় শ্রীনগর, শুকনাছড়ি ও দোকানঘাট এলাকার একটি স্থানীয় লাইব্রেরির উন্নয়নের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করে বিজিবি। পাশাপাশি শিক্ষার প্রতি অনুরাগকে সম্মান জানিয়ে অর্থাভাবে থমকে যাওয়া একটি মেয়ের কলেজে ভর্তির যাবতীয় দায়িত্ব নিয়ে তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মানবিক সহায়তার অংশ হিসেবে সম্প্রতি অগ্নিকাণ্ডে ঘর পুড়ে যাওয়া এক অসহায় ব্যক্তির পাশেও দাঁড়িয়েছে বিজিবি। তাকে নতুন করে মাথা গোঁজার ঠাঁই করে দিতে ঘর তৈরির জন্য ২ বান ঢেউটিন প্রদান করা হয়।

বিজিবির এমন জনকল্যাণমূলক ও মানবিক উদ্যোগে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও স্বস্তি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বিজিবির এই ভূয়সী প্রশংসা করে বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাই করছে না, আমাদের সুখে-দুঃখে সবসময় অভিভাবকের মতো পাশে এসে দাঁড়াচ্ছে।”

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং তাদের স্বাবলম্বী করে তুলতে এই ধরনের জনকল্যাণমূলক ও মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।