ঢাকা | জুন ৪, ২০২৬ - ৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য আটক

  • আপডেট: Thursday, June 4, 2026 - 6:11 pm

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।। সুন্দরবনে ডাকাত করিম শরীফ বাহিনর এক সদস্যকে অস্ত্র, গোলাবারুদ ও বন্য প্রাণী শিকারের সরঞ্জামাদিসহ আটক করেছে কোস্ট গার্ড।

আজ বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কোস্ট গার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. ইকরা মোহাম্মদ নাসিফ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার বিকালে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের আম্বরবুনিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ডাকাত দল পালানোর চেষ্টা করলে অভিযানকারী দল ধাওয়া করে করিম শরীফ বাহিনীর এক ডাকাত সদস্যকে আটক করে। তার কাছ থেকে ৪ টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগান গোলা, ১ টি টেলিস্কোপ, ১টি ওয়াকিটকি, ১টি হরিণের সিং সহ মাথা, ৩ কার্টুন সিগারেট, ১টি কাটের বোট উদ্ধার করা হয়। একইসঙ্গে  করিম শরীফ বাহিনীর আস্তানা ধ্বংস করা হয়।

আটক ডাকাত আল আমিন বাচ্চু (৪৫) বাগেরহাট জেলার মোরলগঞ্জ থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।