সমস্ত মিশরীয়দের প্রতি অফুরন্ত ভালোবাসা, আমি তাদেরই একজন: হোসাম হাসান
স্পোর্টস ডেস্ক।। মোহাম্মদ সালাহর নৈপুণ্যে বিশ্বকাপে নিজেদের ৯২ বছরের ইতিহাসে আজ প্রথম জয় তুলে নিল মিশর। কানাডার ভ্যানকুভার স্টেডিয়ামে নিউ জিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। এই জয়ের ফলে ‘জি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে ফারাওরা এবং নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনা আরও উজ্জ্বল করেছে দলটি।
ম্যাচটি কানাডাতে হলেও পুরো ম্যাচে গ্যালারি মাতিয়ে রেখেছেন মিশরের দর্শকেরা। যা দেখে প্রধান কোচ হোসাম হাসান জানান তিনি যেন তাঁর দল নিয়ে কায়রোতে খেলতে নেমেছেন। ম্যাচে এক গোল এবং অ্যাসিস্ট করেছেন দলটির সবচেয়ে বড় তারকা মোহাম্মদ সালাহ। ম্যাচ শেষে তাঁকে ঘিরেই সতীর্থরা উল্লাস করেছেন।
সতীর্থদের কাছ থেকে অভিনন্দন ও প্রশংসা পাওয়ার পর সালাহ বলেন, ‘এটি সব খেলোয়াড়ের জন্য এক দুর্দান্ত অর্জন। এটি একটি দারুণ জয় এবং দলের পরিবেশও চমৎকার। আমাদের পরবর্তী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।’
রেফারি যখন ম্যাচ শেষের বাঁশি বাজান, তখন স্টেডিয়ামজুড়ে কান ফাটানো উল্লাসে মাতোয়ারা মিশরের সমর্থকেরা। সেই দারুণ মুহূর্তে দলটির কোচ হোসাম হাসান মিশরের পতাকা হাতে পুরো স্টেডিয়াম প্রদক্ষিণ করেন।
এরপর হাসান বলেন, ‘আমার অনুভূতি আর মিশরের সাধারণ মানুষের অনুভূতি একদম এক। কারণ আমিও তাদেরই একজন। আমি তাদের অনেক ভালোবাসি- যারা এখানে এসেছেন এবং যারা মিশরে বসে রাত জেগে খেলা দেখছেন।’
‘স্টেডিয়ামের পরিবেশ দেখে মনে হচ্ছিল আমরা যেন মিশরেই আছি। সমর্থকেরাই আসলে এমন এক আবহ তৈরি করেছিলেন। আমি খেলোয়াড়দেরও বলেছিলাম যে আমরা মিশরেই খেলছি। স্টেডিয়ামটি কায়রো স্টেডিয়ামের মতোই কানায় কানায় পূর্ণ ছিল।’ যোগ করেন মিশর কোচ।
ইরানের সঙ্গে নিজেদের প্রথম ২-২ গোলে ড্রয়ের ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও পয়েন্ট হারানো নিউ জিল্যান্ড এবারও লিড ধরে রাখতে ব্যর্থ হয়। যেখানে সালাহই পার্থক্য গড়ে দেন।
নিউ জিল্যান্ডের অধিনায়ক ক্রিস উড বলেন, ‘আমরা তাদের বেশ ভালোভাবেই আটকে রেখেছিলাম। তবে তাদের পুরো দলেই যথেষ্ট ভালো খেলোয়াড় আছে। আপনি কেবল একজন খেলোয়াড়ের ওপর মনোযোগ ধরে রাখতে পারেন না। সে (সালাহ) যে কোনো মুহূর্তে গোল করে বসতে পারেন এবং আজ তিনি সেটাই করে দেখিয়েছেন। সে একজন দুর্দান্ত খেলোয়াড়। আপনাকে অবশ্যই তাঁর ওপর কড়া নজর রাখতে হবে। তবে ওই দলে আরও অনেকে আছে যারা ব্যবধান গড়ে দিতে পারে এবং শেষ পর্যন্ত তারা গোলও করেছে।’
টুর্নামেন্টের শেষ ৩২-এ যাওয়ার লড়াইয়ে নিউ জিল্যান্ড গ্রুপ পর্বের শেষ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে। আর মিশর তাদের শেষ ম্যাচে লড়বে ইরানের বিপক্ষে।











