ঢাকা | এপ্রিল ২৭, ২০২৬ - ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম

শ্বশুরবাড়ি যাওয়ার পথে মারধরে মৃত্যু, মামলার পর লাশ উত্তোলন

  • আপডেট: Monday, April 27, 2026 - 10:17 pm

এ. এইচ. সেলিম।।

চট্টগ্রামের মিরসরাইয়ে মৃত্যুর ২৩ দিন পর এয়ার আহমদ (৪৫) নামে এক ব্যক্তির লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের, ফেনী মডেল থানা পুলিশ ও স্থানীয়রা।

জানা যায়, নিহত এয়ার আহমদের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ-পশ্চিম জোয়ার গ্রামে। গত ৪ এপ্রিল রাতে এয়ার আহমদ তার শ্বশুরবাড়ি ফেনী জেলার লেমুয়া ইউনিয়নের নেয়াজপুর যাচ্ছিলেন। পথে কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে মুমূর্ষু অবস্থায় তার শ্বশুরবাড়িতে দিয়ে আসে। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ গ্রামের বাড়িতে এনে পরদিন ৫ এপ্রিল ভোরে দাফন করা হয়।

এয়ার আহমদের স্ত্রী বিবি খতিজা বলেন, ওইদিন দুপুরেও স্বামীর সঙ্গে আমার কথা হয়। রাতে আমার বাবার বাড়িতে আসার কথা ছিল। আমি তখন আমার বাবার বাড়িতে ছিলাম। কিন্তু হঠাৎ রাত সাড়ে ১১টা নাগাদ আমার চাচা মুন্সী, চাচাত ভাই বাবলু ও মামুনসহ কয়েকজন লাঠিসোঁটা হাতে আমার স্বামীকে বাড়িতে এনে ফেলে দেয়।

তখন আমি তাদের জিজ্ঞেস করলে তারা বলে, তোর স্বামী আমাদের মারধর করেছে, তাই আমরাও মারছি। এখন বেশি কথা বললে তোর নামে মামলা করব, তোর স্বামী কেন আমাদের মেরেছে। তোকেসহ জেলে পাঠাব।

তখন আমি ভয়ে ছিলাম। কী করব, কী করা উচিত—এসব মাথায় ধরেনি। তাই মামলা নিয়ে কোনো সিদ্ধান্ত নিইনি। পরে কয়েকজনের পরামর্শে আমি আদালতে মামলা দায়ের করেছি। আমি চাই আমার স্বামী হত্যার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, আদালতের নির্দেশে নিহত এয়ার আহমদের লাশ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ কবরস্থ করা হবে।