ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ১১:০১ অপরাহ্ন

শাহবাগে আসুন, ফেসবুকে পোস্টের পর লাঞ্ছিত ডাকসু নেতা জুবায়ের

  • আপডেট: Thursday, April 23, 2026 - 9:27 pm

নিজস্ব প্রতিবেদক।। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহবাগ থানায় জড়ো হওয়ার আহ্বান জানানোর আধাঘণ্টার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের। শাহবাগ থানার সামনে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে তার ওপর হামলা চালায় ছাত্রদল। এক পর্যায়ে থানার ভেতরে আশ্রয় নেন জুবায়ের।

এর আগে এক পোস্টে জুবায়ের লেখেন, ‘পরিকল্পিতভাবে গ্যাঞ্জাম লাগিয়ে ক্যাম্পাসে রামদা, কিরিচ, চাপাতি ঢোকানোর প্লট তৈরি করছে ছাত্রদল।

এ উদ্দেশ্যে শিবিরের এক ছেলের নামে একটা ফেক স্ক্রিনশট বানানো হইছে। তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর এআই ফটো দিয়ে। ভিকটিম শাহবাগ থানায় গিয়েছে জিডি করতে। সেখানে গিয়ে ছাত্রদল তাকেসহ অন্য শিক্ষার্থীদের মারধর করছে এই মুহূর্তে।
হ্যাঁ, মারধর করছে।’

তিনি লেখেন, ‘স্পষ্টতই তারা ক্যাম্পাস অস্থিতিশীল করে করে অন্যান্য ক্যাম্পাসের মতো ঢাবিতেও তাদের স্পেশাল কলম, অর্থাৎ রামদা, চাপাতি ঢোকানোর প্লট তৈরি করছে। শিক্ষার্থীদের আহ্বান করছি সতর্ক থাকার।ভিকটিমে সাথে কথা বলেছি।

সে প্রোফাইলে গিয়ে স্ক্রিনরেকর্ড পাবলিশ করবে। ট্রাশে গিয়েও দেখাবে যে কোনো পোস্ট ডিলিট করা হয়েছে কি না। তাহলেই দুধ কা দুধ, পানিকা পানি হয়ে যাবে। ওয়েট।’
জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল।

পরে খবর পেয়ে থানায় আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

ওই সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে শাহবাগ থানার ভেতর ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিকের ওপর হামলা করা হয়। এতে থানার ভেতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়েরও আটকা পড়েছেন।