ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৬ - ৭:২৫ অপরাহ্ন

শিরোনাম

লালপুরে অজ্ঞান পার্টির দুই সদস্য গ্রেপ্তার, চেতনানাশক সামগ্রী উদ্ধার

  • আপডেট: Thursday, September 17, 2026 - 6:02 pm

 

 

নাটোর প্রতিনিধি:

নাটোরের লালপুর থানার পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চেতনানাশক বিভিন্ন সামগ্রীসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয়েছে।

 

গ্রেপ্তাররা হলেন—নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামের মোঃ ইমরান খান (৩৭) এবং খুলনার দাকোপ উপজেলার বটবুনিয়া গ্রামের মোঃ আব্দুল মুসা (৪২)।

 

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার গোপালপুর রেলগেট সংলগ্ন ‘ভাই ভাই ফল ভান্ডার’-এর মালিক মোঃ রাসেল ও তার অংশীদার মোঃ শামীম হোসেন গত ২৬ আগস্ট সকাল ১১টার দিকে দোকানে ব্যবসা করছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফল ব্যবসায়ী পরিচয়ে দোকানে এসে ডাব, তরমুজ ও সামমাম পাইকারি বিক্রির কথা বলে।

 

একপর্যায়ে ওই ব্যক্তি তাদের ডাব পান করতে দিলে কিছুক্ষণের মধ্যেই রাসেল ও শামীম অচেতন হয়ে পড়েন। পরে তাদের পকেটে থাকা ব্যবসায়ের নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে ওই ব্যক্তি পালিয়ে যায়। স্থানীয়রা তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে মাথা ও মুখে পানি দিলে প্রায় চার-পাঁচ ঘণ্টা পর তারা জ্ঞান ফিরে পান।

 

এ ঘটনায় রাসেল বাদী হয়ে লালপুর থানায় দণ্ডবিধির ৩২৮/৩৭৯ ধারায় মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান লালপুর থানার এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম।

 

তদন্তের ধারাবাহিকতায় তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে খুলনা জেলার বটিয়াঘাটা ও সোনাডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ইমরান খান ও আব্দুল মুসাকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্তে ঘটনার সঙ্গে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

 

গ্রেপ্তার দুজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে।