লংগদুতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি।
রাঙ্গামাটির লংগদু উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হর্টিকালচার হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা নাছির উদ্দিন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওসমান গনি, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা উদ্যানতত্ত্ব কর্মকর্তা আসিফ মাহমুদ, লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশ নতুন পথচলার সুযোগ পেয়েছে। শহিদদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।











