ঢাকা | জুন ১৭, ২০২৬ - ৮:৫৯ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে ক্যান্সার আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 7:16 pm

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি:

 

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ক্যান্সারে আক্রান্ত মহিবুল্ল্যাহর পরিবারের কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান এমপির ব্যক্তিগত উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

 

বুধবার মন্ত্রীর পক্ষে রাজস্থলী উপজেলার পাথরবন পাড়ায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বিএনপির নেতা জিকু কুমার দে ও উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল।

 

এ সময় জিকু কুমার দে বলেন, অসুস্থ পরিবারের সহায়তার জন্য স্থানীয় একটি সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বান জানানো হলে বিষয়টি মন্ত্রীর নজরে আসে। পরে তিনি ব্যক্তিগতভাবে পরিবারটিকে সহযোগিতা করার নির্দেশ দেন।

 

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দীপেন দেওয়ান পাহাড়ে সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির বন্ধন অটুট রাখতে এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকতে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে তিনি বৈষম্যহীন উন্নয়ন নিশ্চিত করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন।

 

অপরদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেল বলেন, পাহাড়ের সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আবদুল জব্বার, বিএনপির সদস্য মো. রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমন খান, তাঁতী দলের সভাপতি মোহাম্মদ সাদেক, পাথরবন পাড়ার সাবেক মেম্বার শফিকুল ইসলাম মিটুসহ বিএনপি, যুবদল ও তাঁতী দলের নেতাকর্মীরা।

 

এদিকে বিএনপির নেতা জিকু কুমার দের মুঠোফোন থেকে আক্রান্ত রোগীর সঙ্গে কথা বলেন মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি রোগীকে আরও বড় পরিসরে চিকিৎসার জন্য সহায়তা প্রদানের আশ্বাস দেন এবং রোগীর প্রতি সমবেদনা জানান।