ঢাকা | মে ১৫, ২০২৬ - ৯:৪০ অপরাহ্ন

শিরোনাম

মহালছড়ি কলেজ মাঠে দুই শতাধিক বৌদ্ধ ভিক্ষু শান্তির ধর্মযাত্রা বিরতি

  • আপডেট: Wednesday, February 4, 2026 - 7:15 pm

মহালছড়ি প্রতিনিধি।।
পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ধর্মের জাগরণের অগ্রদূত পরম পূজনীয় নির্বাণগামী শ্রদ্ধেয় বনভান্তের সংঘের প্রধান রাজ বনবিহারের অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির ভান্তের ৭৬তম শুভ জন্মদিন উপলক্ষে রাঙামাটি হতে খাগড়াছড়ি ৮০ কিলোমিটার পায়ে হেঁটে ভিক্ষু সংঘের শান্তি ধর্মযাত্রা অভিমুখী পূজনীয় ভিক্ষু সংঘকে পিণ্ডদান এবং নানাবিধ দান মহতী দানানুষ্ঠান খাগড়াছড়ির মহালছড়ি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারি (বুধবার) ২০২৬ ইং মহালছড়ি মিলনপুর বনবিহারের অধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য ভিক্ষুর নেতৃত্বে মহালছড়ির ধর্মপ্রাণ এলাকাবাসী ও দায়ক-দায়িকার আয়োজনে মহালছড়ি সরকারি কলেজ মাঠে দুই শতাধিক ভিক্ষু সংঘের কাছে ত্রিশরণসহ পঞ্চশীল, অষ্টশীল গ্রহণ, অষ্টপরিষ্কার দান, সংঘদান, বুদ্ধমূর্তিদান এবং পিণ্ডদানসহ নানান পানীয় দান করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার ভোর ৫.৩০ মিনিট সময়ে কর্মসূচির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ভদন্ত বিমলানন্দ মহাথেরের নেতৃত্বে দুই শতাধিক ভিক্ষু সংঘ রাঙামাটি হতে খাগড়াছড়ি উদ্দেশ্যে ৮০ কি.মি. পায়ে হেঁটে পরিকল্পিতভাবে শান্তির ধর্মযাত্রা (ধম্মযাত্রা) শুরু করেন। এ ধর্মযাত্রায় থাইল্যান্ড থেকেও পূজনীয় ভিক্ষু সংঘ অংশগ্রহণ করেন এবং হাজার হাজার ধর্মপ্রাণ দায়ক-দায়িকা ধর্মযাত্রার সফল সঙ্গী হন।
২য় দিনে ধর্মযাত্রা বিরতি দিয়ে দুপুর ১.০০ সময়ে মহালছড়ি কলেজ মাঠ থেকে পদযাত্রা শুরু হয়ে মাঝপথে লেমুছড়ি ফুটবল মাঠ, নয়াপাড়া হেডম্যান কার্যালয় এবং গামারীঢালা বনবিহার—প্রতিটি স্থানে ৩০ মিনিট বিরতি করবে। রাত্রিযাপন করবে মৈত্রীপুর ভাবনা কেন্দ্র, ইটছড়িতে। এইভাবে ৫/৬/৭ তারিখে শনিবার পেরাছড়া হাইস্কুল মাঠে পিণ্ডচারণ ও ভোজন গ্রহণ শেষে ধর্মপুর আর্য বনবিহার, খাগড়াছড়িতে শান্তির ধর্মযাত্রার সমাপ্তি ঘোষণা করা হবে।