মহালছড়িতে জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, মহালছড়ি
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২৪ মাইল এলাকায় কলেজের বিপরীত পাশে মূড়া পাড়ার আগে জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে তারা বিষয়টি মহালছড়ি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, মরদেহটি একজন পাহাড়ি, সম্ভবত মারমা সম্প্রদায়ের নারীর হতে পারে। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হলেও এখন পর্যন্ত তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
এদিকে, জঙ্গল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত মরদেহের পরিচয় শনাক্ত এবং ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।











