ঢাকা | জুলাই ১০, ২০২৬ - ৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম

টইটুম্বুর কাপ্তাই লেক: বেড়েছে বিদ্যুৎ উৎপাদন, সচল সব কটি ইউনিট

  • আপডেট: Friday, July 10, 2026 - 2:51 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: টানা কয়েকদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে টইটুম্বুর রাঙামাটির কাপ্তাই লেক। লেকের যেদিকে চোখ যায়, সেদিকে শুধু পানি আর পানি। আর পানির ওপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ৫টি ইউনিট থেকে একযোগে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে বিগত জুন মাস পর্যন্ত ১টি বা ২টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও চলতি মাসের গত মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে এই কেন্দ্রের ৫টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। সেদিন ৫টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হয়েছিল ১৪৪ মেগাওয়াট।

 

শুক্রবার (১০ জুলাই) সকালে যোগাযোগ করা হলে কপাবিকের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান এই প্রতিবেদককে বলেন, টানা বৃষ্টিতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির লেভেল গত ৭ দিন ধরে হু হু করে বাড়ছে। ফলে পানির ওপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট থেকে আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ১৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। তন্মধ্যে ১ ও ২ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৪২ মেগাওয়াট করে ৮৪ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৩৫ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে প্রতিটিতে ৩০ মেগাওয়াট করে ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৪০ মেগাওয়াট।

 

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান, আজ শুক্রবার সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯০.৩১ ফুট মিন সি লেভেল। রুল কার্ভ অনুযায়ী এ সময়ে লেকে পানি থাকার কথা ৮৫.৪৪ ফুট মিন সি লেভেল।

 

প্রসঙ্গত, কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা ১০৮ ফুট মিন সি লেভেল।