ঢাকা | জুলাই ১১, ২০২৬ - ১০:৩৩ অপরাহ্ন

শিরোনাম

মহাখালীতে পুরুষাঙ্গ কর্তনের পর রেল কর্মকর্তার মৃত্যু, পরকীয়া প্রেমিকা আটক

  • আপডেট: Saturday, July 11, 2026 - 9:33 pm

নিজস্ব প্রতিবেদক।। রাজধানীর বনানী থানার মহাখালী টিভি গেট এলাকায় পরকীয়া সম্পর্কের জেরে এক যুবককে ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে মো. মামুন (৩০) নামে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত বিউটি আক্তার নামে ওই তরুণীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর মহাখালীর জিপিএ ‍আট নম্বর একটি বাসার তয় তলায় এ ঘটনা ঘটে।

পরে গুরুতর আহত অবস্থায় মো. মামুনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়। নিহত মামুন সম্প্রতি বাংলাদেশ রেলওয়েতে সেকেন্ড ক্লাস অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন।

বাড়ির মালিক সুমন জানান, শনিবার দুপুরে বাড়িটির ৩য় তলায় চিৎকার শুনে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই যুবক। তার পেটে দুটি ছুরিকাঘাত ও পুরুষাঙ্গ কাটা। তখন তিনি দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে তাকে বিকেলে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মামুনের চাচা মুকছেদ আলী ভুইয়া। তিনি জানান, মোবাইল ফোনে জানতে পারেন, মামুন ঢাকা মেডিকেলে আছেন। এরপর তিনি হাসপাতালে এসে তার মরদেহ দেখতে পান। তবে কি ঘটনা ঘটেছে তা কিছুই জানাতে পারেননি তিনি। তাদের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মালিহাটি গ্রামে। মামুনের বাবার নাম বাবুল হোসেন। মামুনের স্ত্রী শাহিনা আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা। তিনি গ্রামে থাকেন। চলতি মাসের এক তারিখে মামুন উপ-সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা রেলওয়েতে চাকরিতে যোগ দেন। ঢাকায় থাকতেন তিনি।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক হাসান জানান, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে বিউটি আক্তার নামে ওই তরুণীকে আটক করা হয়। গত শুক্রবার (১০ জুলাই) বিউটি ওই বাসাটি ভাড়া নেন। আর আজ সকালে সেখানে গিয়েছিলেন মামুন। দুজনই বিবাহিত। তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক ছিল। তবে কেনো তাকে হত্যা করেছে সেটি জানার চেষ্টা চলছে।