ঢাকা | মে ৩১, ২০২৬ - ৭:৩১ অপরাহ্ন

শিরোনাম

ভূষণছড়া গণহত্যার বিচারের দাবিতে বরকলে শোকসভা

  • আপডেট: Sunday, May 31, 2026 - 6:15 pm

বরকল প্রতিনিধি:

রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়ায় ১৯৮৪ সালের ৩১ মে সংঘটিত ভূষণছড়া হত্যাকাণ্ডের বিচার দাবিতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ মে) দুপুরে ভূষণছড়া জেনোসাইড ভিকটিম ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের স্মরণে বিক্ষোভ মিছিল, শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বক্তারা জানান, ১৯৮৪ সালের ৩১ মে বরকল উপজেলার ভূষণছড়া ও আশপাশের এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডে চার শতাধিক নিরীহ বাঙালি নারী-পুরুষ প্রাণ হারান। ঘটনার দীর্ঘ ৪২ বছর পেরিয়ে গেলেও নিহতদের পরিবার এখনো বিচার পায়নি বলে তারা অভিযোগ করেন।

শোকসভায় বক্তারা ভূষণছড়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। এ কর্মসূচিতে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের বরকল উপজেলা সভাপতি মোহাম্মদ রুহুল আমীনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মো. তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা কোটা বিরোধী ঐক্য জোটের উপদেষ্টা মো. কামাল উদ্দিন।

এছাড়া বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন বরকল উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, মো. জাকির হোসেন, গ্রুপ লিডার আব্দুর রাজ্জাক (পিসি), সমাজসেবক সুলতান মণ্ডল, সংগঠনের নেতা ও স্থানীয় সাবেক জনপ্রতিনিধি জলিল মেম্বার, আব্দুস সবুর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সময়ে সংঘটিত সহিংস ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। ভূষণছড়া হত্যাকাণ্ড তার মধ্যে অন্যতম। তারা এ ঘটনার বিচার নিশ্চিত করার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।