ঢাকা | জুলাই ১৬, ২০২৬ - ৫:৫৩ অপরাহ্ন

শিরোনাম

রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনীর ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ

  • আপডেট: Thursday, July 16, 2026 - 4:40 pm

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি।।

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় ভারীবর্ষণ ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ, শুকনো খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাঙ্গামাটি পার্বত্য জেলার কাপ্তাই জোনের অধীন রাজস্থলী আর্মি ক্যাম্পের সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। কাপ্তাই জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল কাদির শুভ, পিএসসি-এর দিকনির্দেশনায় জোনের দায়িত্বপূর্ণ ঘিলাছড়ি ইউনিয়নের মহাজনপাড়ার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় রাজস্থলী সাব-জোনের অধিনায়ক মেজর মো. হাফিজ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে আনুষ্ঠানিকভাবে ত্রাণসামগ্রী, শুকনো খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন।

এ কর্মসূচির আওতায় মোট ২০টি ক্ষতিগ্রস্ত পরিবার মানবিক সহায়তা গ্রহণ করে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুর্যোগকালীন সময়ে দুর্গত মানুষের পাশে থেকে তাদের দুর্ভোগ লাঘবে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাব-জোনের জেসিও মিজানুর রহমান, সার্জন হুমায়ন, ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, সাবেক ভাইস চেয়ারম্যান অনুচিং মারমা, ইউপি সদস্য উদয় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

ছবির ক্যাপশন: রাজস্থলীতে ভারীবর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ ও আর্থিক সহায়তা বিতরণ করছেন রাজস্থলী সাব-জোনের অধিনায়ক মেজর মো. হাফিজ।