ঢাকা | জুন ৬, ২০২৬ - ২:১৮ অপরাহ্ন

শিরোনাম

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেল জার্মানি

  • আপডেট: Saturday, June 6, 2026 - 12:34 pm

স্পোর্টস ডেস্ক।।  ২০২৬ ফিফা বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই বড় ধাক্কা খেল জার্মানি। অনুশীলনে উরুর পেশিতে গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ১৮ বছর বয়সী তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার লেনার্ট কার্ল।

রোববার যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই ম্যাচ সামনে রেখে শুক্রবার শিকাগোতে অনুশীলন করে জার্মানি। সেখানে বাম উরুর পেশি ছিঁড়ে যায় কার্লের। চোটের পরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই বায়ার্ন মিউনিখ তারকাকে।

চলতি মৌসুমে বায়ার্নের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন কার্ল। ক্লাবটিকে ঘরোয়া ডাবল জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে তুলতে বড় ভূমিকা রেখেছিলেন। তরুণ এই প্রতিভাকে হারিয়ে হতাশ জার্মান কোচ জুলিয়ান নাগেলসম্যান।

জার্মান কোচ বলেন, ‘লেনির (লেনার্ট কার্ল) জন্য আমার খুব খারাপ লাগছে। তাঁর খেলা, সৃজনশীলতা, গতি এবং ব্যক্তিত্ব দলের সঙ্গে দারুণভাবে মিশে গিয়েছিল। এটা লেনির এবং আমাদের সবার জন্যই বড় ধাক্কা। তবে সান্ত্বনা একটাই, সে এখনো তরুণ এবং সামনে তার অনেক টুর্নামেন্ট পড়ে আছে।‘

কার্লের জায়গায় দলে ডাক পেয়েছেন আসান ওয়েদ্রাওগো। ২০২৫ সালে স্লোভাকিয়ার বিপক্ষে জার্মানি জাতীয় দলের হয়ে অভিষেক করেন এই মিডফিল্ডার। অভিষেক ম্যাচেই বদলি নেমে একটি গোল করেন। এরপর হাঁটুর চোটের কারণে জার্মান দলে খেলা হয়নি ওয়েদ্রাওগোর।

বিশ্বকাপে অংশ নিতে গত মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে জার্মানি। ২০১৮ এবং ২০২২ সালের বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার পর, এবার ঘুরে দাঁড়াতে মরিয়া জার্মানি। ২০১৪ সালে ব্রাজিলের মাটিতে সবশেষ বিশ্বকাপ জেতার পর আর কোনো আন্তর্জাতিক সাফল্যের স্বাদ পায়নি তারা।

১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিতোতে শুরু হওয়া বিশ্বকাপে গ্রুপ ‘ই’-তে জার্মানি। ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে ডাই ম্যানশ্যাফটদের। গ্রুপের অন্য দুটি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট এবং ইকুয়েডর।