বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক।।
বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক অতিরিক্ত চার্জ প্রত্যাহার করেছে সরকার। বুধবার (৩ জুন) মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মিডিয়া সেল তাদের ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
পোস্টে দাবি করা হয়, বিএনপি সরকারের ১০০ দিন-জনদুর্ভোগ লাঘবে প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ২৯ মার্চ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হবে।
বর্তমানে প্রিপেইড মিটারে প্রতি কিলোওয়াটে মাসিক ডিমান্ড চার্জ ৪২ টাকা এবং সিঙ্গেল ফেজ মিটারে ৪০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। এসব চার্জের সঙ্গে আরও ৫ শতাংশ ভ্যাট যুক্ত থাকায় মাসিক বিদ্যুৎ বিলের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল বলে ভোক্তাদের মধ্যে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল।











