বাউফলে ফেরিঘাটে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ দুইদিন পর উদ্ধার
মো. রিয়াজ (বাউফল) প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাটে বিদ্যুৎ না থাকায় অন্ধকারে নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৫৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ৮ টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরি ঘাটের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা ।
এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জহিরুল ইসলাম উপজেলার কনকদিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় এক নিকট আত্মীয়ের জানাজায় অংশ নিতে বাড়ি থেকে রওনা দেন জহিরুল ইসলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগা ফেরিঘাটে পৌঁছে ফেরিতে ওঠার চেষ্টা করেন তিনি। তবে ওই সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ ছিল অন্ধকারাচ্ছন্ন। এতে অসাবধানতাবশত পা পিছলে তিনি লোহালিয়া নদীতে পড়ে যান।
ঘটনার পরপরই আশপাশের লোকজন তার চিৎকার শুনে দ্রুত এগিয়ে আসে এবং উদ্ধারের চেষ্টা চালায়। স্থানীয় জেলে ও এলাকাবাসী রাতভর নদীতে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, খবর পেয়ে মঙ্গলবার রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে অন্ধকার ও নদীর স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। বুধবার সকালেও পুনরায় অভিযান চালানো হলেও কোনো সন্ধান মেলেনি। পরে আজ সকালে স্থানীয়রা ফোনে জানায়, নিখোঁজ ব্যক্তির মরদেহ নদীতে ভেসে উঠেছে।










