ঢাকা | এপ্রিল ২৩, ২০২৬ - ৫:৪৯ অপরাহ্ন

শিরোনাম

ডিবির ধারাবাহিক অভিযানে বিপুল পরিমান মাদক ও সরঞ্জামসহ নয়জন আটক

  • আপডেট: Thursday, April 23, 2026 - 4:18 pm

সাভার উপজেলা প্রতিনিধি।। ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও সরঞ্জামসহ নয়জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে আট জন পেশাদার মাদক ব্যবসায়ী এবং ১ জন ছিনতাইকারী বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযানে তাদের আটক করা হয়।

বিশেষ অভিযানে নেতৃত্বে ছিলেন ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

প্রথম অভিযানে গত ২২ এপ্রিল সকাল সাড়ে দশটায় সাভার থানাধীন ফুলবাড়িয়া স্ট্যান্ড এলাকা থেকে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।

গ্রেফতার যাদের করা হলো- আ. আজিজ (৪১), রফিকুল ইসলাম (৩৩), মো. শামীম (৩৬) ও মো. নজরুল ইসলাম (৩৪)।

 

একই দিন রাত সাড়ে দশটায় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে আরেক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক দুইজন হলেন- মো. ফুয়াদ হোসেন (২৭) ও আশরাফুল আলম সুজন (৩০)।  এসময় তাদের কাছ থেক ২০০ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

 

তৃতীয় অভিযানে (২৩ এপ্রিল) রাত ১২টা ১৫ মিনিটে সাভারের পোড়াবাড়ি বেদেপল্লী এলাকায় ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। ওই যুবকের নাম রবিন (২৬)। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ৫ গ্রাম) উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

অন্যদিকে ২২ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটে সাভারের ওয়াবদা রোড এলাকায় অভিযান চালিয়ে মো. জাফরকে (৫০) আটক করা হয়। তার কাছ থেকে ২০ লিটার চোলাই মদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২০ হাজার টাকা। একইসঙ্গে এদিন রাত সাড়ে দশটায় সাভার ব্যাংক কলোনী এলাকা থেকে ছিনতাইকারী দলের সদস্য মো. রনি মোল্লাকে (২৮) আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটকদের মধ্যে আ. আজিজের বিরুদ্ধে ৯টি, রফিকুল ইসলামের বিরুদ্ধে ১টি, মো. শামীমের বিরুদ্ধে ১টি এবং রনি মোল্লার বিরুদ্ধে ৩টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ডিবি (উত্তর) জানিয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।