ঢাকা | এপ্রিল ২০, ২০২৬ - ৫:৩৭ অপরাহ্ন

শিরোনাম

বরকলে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিজিবির মানবিক সহায়তা

  • আপডেট: Monday, April 20, 2026 - 4:05 pm

বরকল (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটির বরকলে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় ব্যাটালিয়ন সদরের টটিনী পোস্টের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ বিজিবি ছোটহরিণা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী।

অনুষ্ঠানে এলাকার অসহায় পরিবারের ঘর ও ধর্মীয় প্রতিষ্ঠান মেরামতের জন্য ঢেউটিন, দুস্থদের চিকিৎসার জন্য নগদ অর্থ, আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে সেলাই মেশিন, শিক্ষার্থীদের জন্য আর্থিক সহায়তা ও খেলনা সামগ্রীসহ মোট ১৯ জনের মাঝে আনুমানিক ৭৫ হাজার টাকার সহায়তা ও অনুদান বিতরণ করা হয়।

সহায়তা প্রদানকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতায় এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সীমান্তবর্তী দুর্গম অঞ্চলের সুবিধাবঞ্চিতরা বিজিবির এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

এসময় ১২ বিজিবির মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. আসিফুর রহমান, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মাসুদ রানা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।