ফটিকছড়িতে বিয়াইনকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আটক ১
ফটিকছড়ি প্রতিনিধি।।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগরে মেয়ের শ্বশুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় লাকি আক্তার (৩৮) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কাঞ্চননগর হাট্টটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে অভিযুক্ত বিয়াই মো. সাফাকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
নিহত লাকি আক্তার স্থানীয় কাদেরের স্ত্রী এবং দুই ছেলে ও এক মেয়ের জননী। অভিযুক্ত সাফা কালাপানিয়া এলাকার খামারবাড়ির বাসিন্দা। পারিবারিকভাবে তাদের মধ্যে বিয়াই-বিয়াইনের সম্পর্ক ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে লাকি আক্তার গবাদিপশু আনতে পাহাড়ি এলাকার দিকে যান। সন্ধ্যার পর গরু ফিরে এলেও তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পাহাড়ি নিচু স্থানে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে রাত ১১টার দিকে স্থানীয় পল্লী চিকিৎসক ওসমান ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, নিহতের নাকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মেয়ের শ্বশুর সাফা ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়েছিলেন। এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য সাফাকে থানায় নেওয়া হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে, এই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।











