ঢাকা | জুন ৩, ২০২৬ - ৩:০৬ অপরাহ্ন

শিরোনাম

পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ানকে স্বপদে বহালের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন

  • আপডেট: Wednesday, June 3, 2026 - 2:21 pm

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:

রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে স্বপদে বহালের দাবিতে রাঙামাটির কাপ্তাই উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে “কাপ্তাই উপজেলার সর্বস্তরের জনগণ”-এর ব্যানারে কাপ্তাই সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।

কাপ্তাই উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মো. ইকরাম হোসেন, জেলা বিএনপির সদস্য অজিত কারবারি, রাঙামাটি জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম কবির, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, উপজেলা মহিলাদলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, কাপ্তাই উপজেলা কৃষকদলের সভাপতি নুরুল হক বাচা, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নাহিয়ান ডালিম এবং কর্ণফুলী কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন অপু।

এ সময় উপস্থিত ছিলেন কেপিএম শ্রমিক নেতা মো. আনিসুর রহমান, সামসুজ্জামান চৌধুরী রকি, ওয়াগ্গা বিএনপির সাবেক সভাপতি মো. একরাম মেম্বার, নাসির উদ্দীন চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মো. মাসুদ, মো. বিসমিল্লাহ, মো. মফিজুর রহমান, ইকবাল হোসেন জুয়েলসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, মহিলাদল এবং সর্বস্তরের সাধারণ জনগণের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন ও জনগণের কল্যাণে দীপেন দেওয়ানের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁকে জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ তুলে বক্তারা তাঁর পদত্যাগপত্র প্রত্যাহার করে অবিলম্বে স্বপদে বহাল রাখার দাবি জানান।