নীলফামারীতে ট্রাকচাপায় আপন দুই ভাই নিহত, গুরুতর আহত এক শিশু
নীলফামারী প্রতিনিধি।। নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় ড্রাম ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অপর এক পথচারী শিশু।
মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে দুর্ঘটনা হয়।
নিহতরা হলো– জেলার সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পশ্চিম কুচিয়ার মোড় দোলাপাড়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে সিহাব হোসেন (১৯) ও সোয়াদ হোসেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সৈয়দপুর থেকে নীলফামারীগামী অজ্ঞাত একটি ড্রাম ট্রাক ৩ জন পথচারীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনাস্থলে দুই ভাই নিহত হয়। আহত হয় মোহাম্মদ হোসেন (১০) নামের এক শিশু।
আহত মোহাম্মদ হোসেনকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।’











