নবাগত উজবেকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার
স্পোর্টস ডেস্ক।। দানিয়েল মুনিয়োজের দারুণ এক গোলে এগিয়ে থেকে বিরতিতে গেল কলম্বিয়া। ফিরে এসে দ্রুতই সমতায় ফিরল উজবেকিস্তান। শেষ দিকে কলম্বিয়ার শক্তির কাছে পেরে উঠতে পারল না বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা এশিয়ার দেশটি।
মেক্সিকো স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল আটটায় শুরু হওয়া ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে দানিয়েল মুনিয়োজের পর দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজ ও হামিন্তন কাম্পাজ গোল করেন। উজবেকিস্তানের হয়ে একটি গোল শোধ করেন আব্বোসবেগ ফাইজুল্লায়েভ।
এই জয়ে প্রথম রাউন্ড শেষে ‘কে’ গ্রুপের শীর্ষে কলম্বিয়া। বুধবার রাতে গ্রুপের অন্য ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে পর্তুগাল ও ডিআর কঙ্গোর ম্যাচ।
ম্যাচে ৬১ শতাংশ বল পজিশন নিজেদের দখলে রেখে আধিপত্য বিস্তার করে খেলে ফিফা র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা কলম্বিয়া। পুরো ম্যাচে তারা আক্রমণ চালিয়েছে ১৫ বার, যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি শট। বিপরীতে, র্যাঙ্কিংয়ের ৫০ নম্বরে থাকা উজবেকিস্তান ৩৯ শতাংশ সময় বল নিজেদের পায়ে রাখতে পেরেছে। তাদের নেওয়া ৮টি শটের মধ্যে কেবল ২টি ছিল লক্ষ্য বরাবর।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য ধরে রেখে খেলতে থাকে কলম্বিয়া। ৩২ মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় তারা। মাঝমাঠ থেকে বাড়ানো থ্রু-বল ধরে ডি-বক্সে ঢুকে পড়েন লুইস দিয়াজ। তাঁর নেওয়া বাঁ পায়ের শটটি পোস্টে লেগে ফিরে আসলে হতাশায় পোড়ে কলম্বিয়ার সমর্থকরা।
ম্যাচের ৪১ মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যায় কলম্বিয়া। মাঝমাঠ থেকে দারুণ এক চিপে দিয়াজ বল বাড়িয়ে দেন দানিয়েল মুনিয়োজের উদ্দেশ্যে। বল মাটিতে পড়ার আগেই আলতো টোকায় গোলকিপারকে পরাস্ত করেন তিনি। মুনিয়োজের এই দৃষ্টিনন্দন ফিনিশিংয়ে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কলম্বিয়া।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে সমতায় ফেরে উজবেকিস্তান। মাঝমাঠ থেকে দারুণ এক দলীয় আক্রমণে বক্সে ঢুকে শট নেন এল্দর শোমুরোদভ। পোস্টে লেগে ফিরে আসলে সেখানে থেকে হেডে মাথা ছুইয়ে বল জালে জড়ান আব্বোসবেগ ফাইজুল্লায়েভ।
৬৫ মিনিটে আবারও এগিয়ে যায় কলম্বিয়া। গুস্তাভো পুয়ের্তার বাড়ানো বল ডি বক্সে পান লুইস দিয়াজ। তাঁর ডান পায়ের জোরালো শট গোলকিপারের হাত লাগলেও জালে জড়িয়ে যায়। কলম্বিয়ার জার্সিতে ৭৫ ম্যাচে ২৩ নম্বর গোল এটি দিয়াজের।
লিড আরও বাড়াতে আক্রমণ করতে থাকে কলম্বিয়া। ৮৬ মিনিটে জেফারসন লেরমার নেওয়া শট সাইড পোস্টে লাগে। এর ঠিক এক মিনিট পর দাভিনসন সানচেজের শট পোস্টের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়।
শেষ দিকে সমতায় ফিরতে মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে উজবেকিস্তান। ৯০ মিনিটে আকমল মোহগোভয়ের শট গোলবারের ওপর দিয়ে যায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আবারও সুযোগ পেয়েছিল উজবেকিস্তান। তবে জটলার মধ্যে থেকে বল জালে জড়াতে পারেননি কেউই।
শেষ বাঁশি বাজার আগ মূহুর্তে উজবেকিস্তানের জালে শেষ পেরেকটি ঠুকে দেন হামিন্তন কাম্পাজ। কুচো হার্নান্দেজের দারুণ ক্রস থেকে হেডারে বল জালে জরান ২৬ বছর বয়সী এই উইঙ্গার।
শেষ মূহুর্তে উজবেকিস্তানের বেখরুজ কারিমভের শট পোস্টে লেগে ফিরে আসলে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।











