ঢাকা | মে ২৭, ২০২৬ - ২:৩৩ অপরাহ্ন

শিরোনাম

ড্রিবলিংয়ের ওকোচার অবিশ্বাস্য রেকর্ড

  • আপডেট: Wednesday, May 27, 2026 - 12:55 pm

স্পোর্টস ডেস্ক।। ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১৫ দিন বাকি। এই কাউন্টডাউনকে সামনে রেখে প্রতিদিন ফুটবল ইতিহাসের সেরা সব রেকর্ড নিয়ে বিশেষ পরিসংখ্যান প্রকাশ করছে ফিফা। ফিফার আজকের পাতায় উঠে এসেছে নাইজেরিয়ান ফুটবল জাদুকর জে জে ওকোচার এক অবিশ্বাস্য রেকর্ড।

 

বিশ্বকাপের ইতিহাসে একটি একক ম্যাচে সবচেয়ে বেশি সফল ড্রিবলিং বা টেক-অন করার বিশ্বরেকর্ডটি এককভাবে ধরে ওকোচা। ১৯৯৪ সালের মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপের ম্যাচে রক্ষণভাগের বিশ্বসেরা দল ইতালির বিপক্ষে এই অনন্য কীর্তি গড়েছিলেন তিনি।

সেদিন ইতালির রক্ষণভাগের মহাতারকা পাওলো মালদিনি, আলেসান্দ্রো কোস্তাকুর্তা কিংবা দেমেত্রিও আলবার্টিনিদের মতো বিশ্বসেরা ডিফেন্ডারদের বোকা বানিয়ে পুরো ম্যাচে রেকর্ড ১৫টি সফল ড্রিবলিং করেছিলেন ওকোচা। বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে এত বেশি ড্রিবলিং করতে পারেননি আর কোনো ফুটবলার।

একক ম্যাচে ওকোচা শীর্ষে থাকলেও সামগ্রিকভাবে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ড্রিবলিং করার রেকর্ডটি আধুনিক ফুটবলের মহাজাদুকর লিওনেল মেসির দখলে। কাতার বিশ্বকাপজয়ী এই আর্জেন্টাইন অধিনায়ক বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১২৫টি সফল ড্রিবলিং সম্পন্ন করেছেন।

 

অন্যদিকে, বিশ্বকাপের একটি নির্দিষ্ট সংস্করণে বা এক আসরে সবচেয়ে বেশি ড্রিবলিং করার রেকর্ডটি ফুটবলের ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার। ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন করার পথে পুরো টুর্নামেন্টে রেকর্ড ৫৩টি সফল ড্রিবলিং করেছিলেন এই কিংবদন্তি।