ঢাকা | মে ১০, ২০২৬ - ৩:০৩ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে ইসলাম হত্যার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

  • আপডেট: Sunday, May 10, 2026 - 2:41 pm

টেকনাফ প্রতিনিধি।।

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ১নং ওয়ার্ডের বাসিন্দা এহসান উল্লাহর পুত্র মোহাম্মদ ইসলামকে পরিকল্পিত হত্যার সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এলাকাবাসী প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।

শনিবার (৯ মে) বিকাল ৪ ঘটিকায় পৌরসভার নাইট্যংপাড়া বাস টার্মিনাল সংলগ্ন সড়কে কয়েক শতাধিক নারী-পুরুষের উপস্থিতিতে এ প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

প্রতিবাদ সভা ও মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন টেকনাফের প্রতিবাদী কণ্ঠস্বর আব্দুল জব্বার, আক্তার হোসেন বাবলু, মোঃ মোজাম্মেল, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ নুর, মোহাম্মদ ইউনুস, মোঃ মোস্তাক, মোঃ হাশেম প্রমুখ।

বক্তারা বলেন, মোহাম্মদ ইসলাম নামের একজন তরুণ যুবকের অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। এ মৃত্যু মেনে নেওয়া যায় না। আর যাতে কোনো মায়ের বুক খালি না হয়, সে লক্ষ্যে মোঃ ইসলামের খুনিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির জোর দাবি জানান তারা।

উক্ত মানববন্ধনটি নাইট্যংপাড়া বাস টার্মিনাল থেকে শুরু হয়ে ঝর্ণা চত্বর পর্যন্ত র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। তাদের স্লোগান ছিল, “খুনিদের গ্রেফতার চাই, খুনিদের ফাঁসি চাই।”

উল্লেখ্য, গত ১লা মে নাইট্যংপাড়া বাস টার্মিনাল সংলগ্ন ভাতের হোটেলের সামনে সন্ধ্যা ৬টায় এ হৃদয়বিদারক হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহসান উল্লাহর মেয়ে ইয়াসমিন আরা বেগম বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২০/৩৪২।

উল্লেখিত এজাহারের আসামিরা হলেন, আব্দু সালামের ছেলে মোঃ বাবুল, নুর হোসেনের ছেলে মোঃ জসীম, আব্দু সালামের ছেলে মোঃ ইউনুস, মোঃ করিমের ছেলে মোঃ কালু, আব্দু সালামের ছেলে মোঃ ইউসুফ, নবীর ছেলে মোঃ রুবেল, আঃ সালাম, পিতা: অজ্ঞাত। এতে অজ্ঞাতনামা আরও দুইজনকেও আসামি করা হয়।

মানববন্ধনে উপস্থিত সকলের দাবি, এই নৃশংস হত্যার আসামিরা যাতে কোথাও পালাতে না পারে এবং তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।