ঢাকা | মে ১৭, ২০২৬ - ১১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম

টানা হারে ক্ষুব্ধ সালাহ, বিদায়ের আগে লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ

  • আপডেট: Sunday, May 17, 2026 - 11:13 am

স্পোর্টস ডেস্ক।। প্রিমিয়ার লিগের গত মৌসুমের চ্যাম্পিয়নরা এবার যেন ছন্নছাড়া। চলতি মৌসুমে লিগ শিরোপার রেস থেকে অনেক আগেই ছিটকে পড়া লিভারপুলের সামনে এবার শঙ্কা জেগেছে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা না পাওয়ার। দলের এমন বিপর্যস্ত অবস্থায় নিজের তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অলরেডদের মিশরীয় কিংবদন্তি মোহাম্মদ সালাহ।

 

শুক্রবার রাতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৪-২ গোলে হেরেছে লিভারপুল। ২০২২-২৩ মৌসুমে সাউদাম্পটনের সঙ্গে ৪-৪ ড্রয়ের পর, এই প্রথম প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে ৪টি গোল হজম করল তারা। লিগের সবশেষ ৩ ম্যাচের ২ হার, ড্র ১ ম্যাচে। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ হেরেছে লিভারপুল, সব প্রতিযোগিতা মিলিয়ে হেরেছে ১৯ টি।

 

লিভারপুলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করে ফেসবুকে সালাহ বলেন, ‘চলতি মৌসুমে আরও একটি পরাজয়ের মুখোমুখি হওয়া আমাদের জন্য ভীষণ যন্ত্রণাদায়ক ছিল। আমাদের সমর্থকরা এটি মোটেও প্রাপ্য নয়।‘

 

সালাহ লিভারপুলের সোনালী দিনগুলোর স্মৃতিচারণ করে লেখেন, ‘আমি এই ক্লাবটিকে সংশয়বাদীদের দল থেকে বিশ্বাসী এবং বিশ্বাসী থেকে চ্যাম্পিয়ন হতে দেখেছি। এর পেছনে ছিল কঠোর পরিশ্রম এবং ক্লাবকে এই উচ্চতায় পৌঁছাতে আমি সবসময় আমার সর্বোচ্চটা দিয়েছি। এর চেয়ে বড় গর্বের আমার কাছে আর কিছু নেই।‘

 

অলরেডদের ঐতিহ্যবাহী হেভি মেটাল ফুটবল খেলার দর্শন ও হারানো গৌরব ফিরিয়ে আনার তাগিদ দিয়ে সালাহ বলেন, ‘মাঝেসাঝে দু-একটি ম্যাচ জেতা লিভারপুলের লক্ষ্য হতে পারে না। সব দলই ম্যাচ জেতে। আমি লিভারপুলকে আবারও সেই হেভি মেটাল আক্রমণাত্মক দল হিসেবে দেখতে চাই যাকে প্রতিপক্ষরা ভয় পাবে। আমি দেখতে চাই এই ক্লাব আবারও ট্রফি জিতছে।‘

 

৩৭ ম্যাচ শেষে ৫৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে বোর্নমাউথ। আগামী রোববার ব্রেন্টফোর্ডের বিপক্ষে মাঠে নামবে আরনে স্লটের দল। চ্যাম্পিয়নস লিগের আগামী মৌসুম নিশ্চিত করতে সেই ম্যাচে জয় চাই অলরেডদের।

 

রোববারের ম্যাচটি দিয়েই লিভারপুল ক্যারিয়ারের ইতি টানবেন সালাহ। বিদায়ের আগে ক্লাবকে চ্যাম্পিয়নস লিগে রেখে যাওয়ার প্রতিজ্ঞা করে সালাহ বলেন, ‘আমি চলে যাওয়ার পরও এই ক্লাবের দীর্ঘমেয়াদী সাফল্য দেখতে চাই। আমি সবসময় যেমনটা বলেছি, আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করা আমাদের জন্য ন্যূনতম লক্ষ্য এবং এটি নিশ্চিত করতে আমি আমার শেষ মুহূর্ত পর্যন্ত সবকিছু করব।‘