জিতেও বার্সার বিদায়, সেমিতে অ্যাটলেটিকোর সঙ্গী লিভারপুলকে হারানো পিএসজি
স্পোর্টস ডেস্ক।। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জিতেও বিদায় নিতে হয়েছে বার্সেলোনাকে। প্রথম লেগের হারে দ্বিতীয় লেগে কমপক্ষে ৩ গোল ব্যবধানে জিততে হতো কাতালানদের, ২-১ গোলে জিতে আর সমীকরণ মেলাতে পারেননি লামিন ইয়ামাল-ফেররান তরেসরা। দুই লেগ মিলিয়ে জয় নিয়ে সেমিফাইনালে গেছে অ্যাটলেটিকো। আর পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি লিভারপুল, নিজেদের মাঠে ২-০ গোলে হেরেছে অলরেডরা, দুই লেগ মিলিয়ে বড় জয় নিয়ে পরের রাউন্ডে গেছে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি।
অ্যাটলেটিকোর মাঠ মেট্রোপলিটানোতে ম্যাচের পঞ্চম মিনিটে লামিন ইয়ামালের গোলে প্রত্যাবর্তনের আভাস দেয় বার্সেলোনা। ম্যাচের ২৪ মিনিটে ফেররান তরেস গোল করলে ২-০তে লিড নেয় কাতালানরা, দুই লেগ মিলিয়ে স্বাগতিকদের বিপক্ষে ২-২ গোলে সমতায় তখন হ্যান্সি ফ্লিকের দল। ৩১ মিনিটে ঘুরে যায় বার্সার সমীকরণ, আদেমলা লুকমানের গোলে অ্যাটলেটিকো গোল করলে দুই লেগের ব্যবধানে আবারও পিছিয়ে পড়ে বার্সা।
দ্বিতীয়ার্ধে জালের দেখা পায়নি কোন দল। ম্যাচের ৭৯ মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনে পরিণত হয় বার্সা। ম্যাচে ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় লা লিগায় শীর্ষে থাকা দলটি। অন্যদিকে সেমির টিকিট নিশ্চিত করে ডিয়াগো সিমিওনের দল।
প্রথম লেগের ২-০তে পিছিয়ে থেকে অ্যানফিল্ডে ফিরতি লেগে পিএসজিকে আথিত্য দেয় লিভারপুল। পুরো ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে গত আসরের চ্যাম্পিয়ন ফরাসিরা। দ্বিতীয়ার্ধে বেশকিছু আক্রমণ করলেও জালের খোঁজ পায়নি অলরেডবাহিনী।ম্যাচে ৭২ এবং ৯০ মিনিট শেষে যোগ করা অতিরিক্ত সময়ে জোড়া গোল করেন উসমানে ডেম্বেলে। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে জয় নিয়ে সেমির টিকিট কাটে লুইস এনরিকের পিএসজি।
বুধবার দ্বিতীয় কোয়ার্টারে দ্বিতীয় লেগে জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনায় রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে বায়ার্ন মিউনিখ। জয়ী দল মুখোমুখি হবে পিএসজির। অন্যদিকে লন্ডনের এমিরেটসে স্পোর্টিং সিপিকে খেলতে হবে ইপিএল টেবিল টপার আর্সেনালের বিপক্ষে। এ ম্যাচের জয়ী দলের সেমি প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।











