লামায় প্রাণঘাতী হামলা করে গিয়ে ভিকটিমদের বিরুদ্ধে থানায় মামলার অভিযোগ
লামা সংবাদদাতা।। বান্দরবানের লামা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত প্রাণঘাতী হামলার ঘটনায় উল্টো ভিকটিমদের বিরুদ্ধেই থানায় মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।
জানা যায়, গত ২৪ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে লামা উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের উত্তর দরদরী নয়াপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা আবুল হাসনাতের জমির সীমানা তুলে নেওয়ার সময় বাধা দিলে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার পরিবারের ওপর হামলা চালায়।
হামলার সময় প্রতিবেশী আশ্রাফ আলী এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই ঘটনায় হাসনাতের স্ত্রী রাহেনা বেগমের হাত ভেঙে যায় এবং ছেলে আবুল বাশারসহ মোট ৬ জন আহত হন।
আহতদের উদ্ধার করে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর অবস্থার কারণে আশ্রাফ আলী ও রাহেনা বেগমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। আশ্রাফ আলী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অবস্থা আশঙ্কাজনক। রাহেনা বেগমও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
অভিযোগ রয়েছে, হামলার পর ভিকটিমরা যখন চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিলেন, তখন হামলাকারী পক্ষ উল্টো মিথ্যা তথ্য দিয়ে ভুক্তভোগীদের আসামি করে থানায় মামলা দায়ের করে।
ঘটনার ৬ দিন পর আবুল হাসনাত বাদী হয়ে প্রকৃত ঘটনা উল্লেখ করে লামা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ইউনুছ, ইব্রাহিম, নবীর হোসেনসহ ৯ জনকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট জমিটি আবুল হাসনাতের নামে রেকর্ডভুক্ত এবং পূর্বেও এ নিয়ে একাধিক মামলা হলে সেগুলোর রায় তার পক্ষে আসে। আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জবরদখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে লামা থানার ওসি জানান, পূর্বে এ ঘটনায় ভুল তথ্য দিয়ে মামলা করা হয়েছিল। তবে ভুক্তভোগীর দায়ের করা মামলার ভিত্তিতে আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের অবস্থা গুরুতর রয়েছে।











